Sylhet Today 24 PRINT

প্রভাষক জুয়েল হত্যা: দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি পরিবারের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছে তার পরিবার।

রোববার (৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তার ভাই সিলেট মদন মোহন কলেজের প্রভাষক সুয়েবুর রহমান এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের (২০১৭) ১ ডিসেম্বর ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হন প্রভাষক আবু তৌহিদ জুয়েল। খুন হাওয়ার ২৫ দিন আগেই তাঁর প্রাণনাশের হুমকি রয়েছে উল্লেখ করে ধর্মপাশা থানায় সাধারণ ডায়রি করেন প্রভাষক জুয়েল। ঘটনার দিন ১১ জনকে আসামি করে ধর্মাপাশা থানায় মামলা দায়ের করেন তার বড় ভাই প্রভাষক সুয়েবুর রহমান। ওই দিন তিন আসামিকে স্থানীয়রা ধরে পুলিশে দিলেও প্রধান আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার না করায় ভয়ে রয়েছেন জুয়েলের পরিবার।

এজহারভুক্ত আসামিদের সাথে মামলার তদন্ত কর্মকর্তা অনির্বান বিশ্বাসের সখ্যতা থাকায় তাদের ধরা হচ্ছে না বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সুয়েব জানান, ২৬ মার্চ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজারে মামলা আসামি গাজি শাসুদ্দিনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দিলেও পুলিশ তাকে গ্রেপ্তারের কোন উদ্যোগ নেয়নি। পুলিশের সাথে আসামিদের গোপন আঁতাতের অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, খুনি আব্দুর রাজ্জাকসহ অন্য আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না। তারা দম্ভ করে বলে দিনে দুপুরে খুন করলেও কিচ্ছু করতে পারছে না কেউ। আমরা পুলিশকে ম্যানেজ করে এলাকায় বহাল তবিয়তে আছি।

সংবাদ সম্মেলনে বারবার কান্নায় ভেঙে পড়ে প্রভাষক সুয়েব তাঁর ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার জানান, আসামিরা বারবার অবস্থান পরিবর্তন করায় তাদের ধরা সম্ভব হচ্ছে না। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা আসামিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে ওসি বলেন, মামলার ব্যাপারে তদন্ত কর্মকর্তা আন্তরিক না এটা ঠিক। তাঁকে বদলানোর ব্যাপারে আমরা চিন্তা করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিপিবির জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাবেক পিটিআই সুপার গোলাম মোস্তফা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.