Sylhet Today 24 PRINT

কোটা প্রথা সংস্কারের দাবিতে সিলেটে গণপদযাত্রা ও অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০১৮

পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা প্রথার সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ করেছে চাকুরী প্রত্যাশী তরুণরা।

রোববার (৮ এপ্রিল) বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণপদযাত্রা বের হয়ে বন্দরবাজার সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর চৌহাট্টায় গিয়ে অবরোধ কর্মসূচি পালন করে।

এ সময় গণপদযাত্রা ও অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শাবিপ্রবি, সিকৃবি, এমসি কলেজ, মদন মোহন কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আন্দোলনকারীদের স্লোগান ছিল ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’, কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘এক দফা এক দাবি, কোটা প্রথার সংস্কার চাই’, ‘বাতিল কর বাতিল কর, নাতি-পুতি কোটা বাতিল কর’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও’।

তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘একই ব্যক্তিকে কোটা সুবিধা বারবার নয়, ১০ শতাংশের বেশি কোটা নয়, কোটা পদ্ধতি নিপাত যাক, এটা কোটা নয়-বৈষম্য।’

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সিলেট শাখার প্রধান সমন্বয়ক শাবিপ্রবি লোক প্রশাসন বিভাগের ছাত্র মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শাবিপ্রবির শিক্ষার্থী আল আমিন ভূঁইয়া, রিপন মাহমুদ, মো. ফারুক মিয়া, সিকৃবির ছাত্র রাহুল চন্দ্র দাস, এমসি কলেজের আহবায়ক মো. শাহীনূর আলম, কাউসার আহমদ প্রমুখ।

গণপদযাত্রা ও অবরোধ কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন জৈন্তাপুর তৈয়ব আলী টেকনিক্যাল কলেজের শিক্ষক নজরুল ইসলাম রেজা। কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটায় কোন বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, চাকুরীর নিয়োগে কোটা সুবিধা একাধিকবার ব্যবহার নয়, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদে মেধার (যোগ্যতার) ভিত্তিতে নিয়োগ দিতে হবে, সরকারি চাকুরীর ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়স ও কাট মার্কস থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.