Sylhet Today 24 PRINT

সিলেটে আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ৭৬৩, বহিষ্কার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০১৮

প্রতীকী ছবি

চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আইসিটি বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিকে অনুপস্থিত ছিলো ৭৬৩ জন শিক্ষার্থী।

পরীক্ষা শেষে সোমবার (৯ এপ্রিল) সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিটি বিষয়ে পরীক্ষায় ৭৯ কেন্দ্রে ৬২ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী থাকলেও অংশ নিয়েছে ৬১ হাজার ৫৪১ জন। মোট অনুপস্থিতি ১ দশমিক ২২ শতাংশ।

বোর্ড সূত্র জানা যায়, সিলেট বোর্ডের অধীনে ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এরমধ্যে ছেলে ৩২ হাজার ৮৩৫ এবং ৩৮ হাজার ৭২৮ জন মেয়ে। এরমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষার্থী ছিলো ৬১ হাজার ৩৪৭ জন।

বোর্ডের তথ্য মতে, গত বারের তুলনায় এবার ১৮ হাজার ৫৭ জন পরীক্ষার্থী বেড়েছে। কেন্দ্র সংখ্যা বেড়েছে মাত্র দু’টি। গত বছর ৫৩ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী ছিলো। কেন্দ্র ছিলো ৭৭টি।

পরীক্ষা তদারকিতে বোর্ডের ৫টি বিশেষ টিম গঠন করা হয়। সেইসঙ্গে শিক্ষকদের দিয়ে আরও ১৯টি টিম গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.