Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সংঘর্ষে কৃষক নিহতের ঘটনায় মামলা দায়ের

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৮

জগন্নাথপুরের পল্লীতে গরু দিয়ে বোরো ক্ষেতের পাকা ধান খাওয়ানোর জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নুরুল হক নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রোববার (৮ এপ্রিল) রাতে নিহতের ছেলে সাইদুল হক বাদী হয়ে শহীদ মিয়াকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ময়নাতদন্ত শেষে সোমবার নিহতের লাশ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হলে বেলা আড়াইটার দিকে জানাজার নামাজ শেষে কুবাজপুর নতুনপাড়া গ্রামের পঞ্চায়িতী কবরস্থানে লাশ দাফন করা হয়।

অপরদিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের কর সম্প্রদায়ের বাড়িঘর ও শহীদ মিয়ার বাড়িটি যেন মানুষশূন্য হয়ে পড়েছে। কর সম্প্রদায়ের বাড়ি-ঘরে পুরুষ-নারী-যুবতি এমনকি শিশুদেরও দেখা যায়নি। গ্রামের আশেপাশের লোকজন জানিয়েছেন রোববার একটি সংঘর্ষের ঘটনায় কর সম্প্রদায়ের লোকজন গ্রেপ্তার হওয়ার ভয়ে পালিয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (নতুনপাড়া) গ্রামের কৃষক নুরুল হকের ধানক্ষেতের পাকা ফসল পাশের ইউনিয়নের পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের বিভাস কর, বৈষ্ণব কর, পাখি করের লোকজনের কয়েকটি গরু খায়। এ নিয়ে জমির মালিক নুরুল হকের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলে নুরুল হক নিহত হন।

এ ঘটনায় নিহত নুরুল হকের ছেলে সাইদুল হকসহ ৪ জন আহত হয়। নিহতের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে হাড়গ্রামের শহীদ মিয়া বিভাষদের পক্ষ নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কৃষক নুরুল হককে হত্যা করেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান মিয়া বলেন, তুচ্ছ বিষয় নিয়ে কৃষককের প্রাণহানি অনাকাঙ্ক্ষিত। ঘটনার পর পরই হারগ্রামের কর সম্প্রদায়ের লোকজন গ্রেপ্তারের ভয়ে অন্যত্র চলে গেছেন।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় এরই মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারি অভিযান অব্যাহত রয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.