Sylhet Today 24 PRINT

কর্মীদের কারণে সিলেটের সমাবেশ ভালো হয়েছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক  |  ১০ এপ্রিল, ২০১৮

কর্মীদের মনের জোরের কারণে সিলেটের সমাবেশ ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ করতে পুলিশ প্রতিনিয়তই বাধা দিচ্ছে। গতকাল সোমবার রাতে সিলেটে সভা করার অনুমতি দিয়েছে পুলিশ। সরকার বিএনপির সমাবেশ দেখে ভয় পায়। খালেদা জিয়ার জনসমর্থন দেখে ভয় পায় বলে মন্তব্য করেন তিনি।

গত ৭ এপ্রিল কারাগার থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসার সময় বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের কল্যাণে তার হাস্যজ্জ্বল ছবি প্রকাশ পায়। জেলে গিয়ে খালেদা জিয়ার মনোবল যে বিন্দুমাত্র কমেনি এই ছবিগুলোই তার প্রমাণ।

স্বৈরাচার-গণতন্ত্র পাশাপাশি চলতে পারে না উল্লেখ করে এসময় মির্জা আব্বাস বলেন, সরকার ক্ষমতায় এসে লুটপাট করেছে, সিলেটের ইলিয়াস আলীকে গুম করেছে, এর জবাব তাদের দিতে হবে। পৃথিবীর কোন দেশে স্বৈরাচার বেশিদিন টিকে থাকতে পারেনি, তারাও পারবে না। বিএনপি আবারো ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা আব্বাস।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সম্পাদক আলী আহমদ ও মহানগর সম্পাদক বদরুজ্জামানের সঞ্চালনায় বেলা ৩টায় এ সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহজাহান খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার মুক্তাদির, বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল আবেদীন ফারুক সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.