Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে কোটা সংস্কারের মানববন্ধনে ছাত্রলীগের হামলা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জে চাকরিতে কোটা বৈষম্য দূর করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির নেতৃত্বে হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা ব্যানার ছিড়ে ফেলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। তাদের আক্রমণ থেকে মেয়েরাও বাদ পরেনি।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১১টায় হবিগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টাউন হলের সামনে অনুষ্ঠিত এ আয়োজিত মানববন্ধন শান্তিপূর্ণভাবে শুরু হয়।

এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিতে শুরু করে। এক পর্যায়ে ছাত্রলীগ এসে তাদের বাঁধা দিলে শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

একজন শিক্ষার্থীর ফেসবুকের লাইভে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি মানববন্ধনে প্রবেশ করে স্লোগানে লিড দেয়া এক ছাত্রকে হাত ধরে টেনে নিয়ে এসে জিজ্ঞাস করে তাদের প্রতিনিধি কে। এরপরই ছাত্রলীগ ও সাধার শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়।

বৃন্দাবন কলেজের শিক্ষার্থী প্রণব দেব বলেন, আমরা কোন দলের না, আমরা সাধারণ শিক্ষার্থী। প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছিলাম তখন। ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আমাদের উপর হামলা চালায়।

বৃন্দাবন কলেজের আরেক শিক্ষার্থী আল আমিন বলেন, আমদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা কর্মীরা এসে হামলা চালায়। আমরা দাবি নিয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন ছাত্রলীগ কেন করবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়িত্ব কে দিয়েছে। যে সংগঠন সাধারণ ছাত্র-ছাত্রীদের সমস্যা অধিকার বুঝে না তারা কিভাবে ছাত্র সংগঠন হয় বলে প্রশ্ন তোলেন এ শিক্ষার্থী।

আরেক শিক্ষার্থী সৈয়দ আরিফ বলেন, আমাদের কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দেয়। তারা বলে এখনই এ কর্মসূচি বন্ধ করতে। এ সময পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে আমরা যেন ১০ মিনিটের মধ্যে এ কর্মসূচি শেষ করি। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা আরো ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের সামনেই আমাদের উপর হামলা চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.