Sylhet Today 24 PRINT

তবু সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০১৮

সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা আসার পর নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে অবরোধ তুলে নিলেও সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি ছিল কোটা পদ্ধতি সংস্কার করা, বাতিল করার দাবি আমাদের ছিল না।

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য আন্দোলনকারীদের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। সংসদে প্রধানমন্ত্রী আমাদের উপর শুধু ক্ষোভ প্রকাশ করেই কোটা পদ্ধতি বাতিল করেছেন বলে ঘোষণা দেন।

আন্দোলন চলবে উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, আমাদের আন্দোলন তখনই সফল হবে যখন প্রধানমন্ত্রীর এই ঘোষণা গেজেট আকারে প্রকাশ করা হবে। তাই আমাদের আন্দোলন এখনই আমরা সফল বলতে পারছি না।

তারা বলেন, আমাদের পরবর্তী কর্মসূচী কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী হবে। তাই কেন্দ্রীয় কমিটির পরবর্তী কর্মসূচী ঘোষণা আসার পর আমরা আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে সবাইকে জানিয়ে দিবো।

এই ঘোষণার পর আন্দোলনকারীরা চৌহাট্টায় তাদের অবরোধ সরিয়ে নিয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে বলে লক্ষ করা গেছে।

প্রসঙ্গত, বুধবার (১১ এপ্রিল) সকাল ১১টার পর থেকে সিলেটের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান গ্রহণ করলে অত্র এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট লক্ষ করা যায়।

এছাড়া বিকেলে সংসদে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা প্রদান করেন। যদিও আন্দোলনকারীদের দাবি ছিল কোটা পদ্ধতি বাতিল নয়, সংস্কারের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.