Sylhet Today 24 PRINT

বড়লেখায় সাত বছরের শিশুকে ধর্ষণ; ধর্ষক গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জাহাঙ্গীর আলম (১৯)। সে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ইসলাম নগর (বোবারথল) গ্রামের আব্দুল লোকমানের ছেলে।

মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা একটার দিকে এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর বারোটার দিকে স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে শিশুটি বাড়ি ফিরছিল। স্থানীয় কড়ইছড়া গ্রামের মসজিদের কাছে আসামাত্র আগে থেকে সেখানে ওত পেতে থাকা জাহাঙ্গীর আলম (১৯) শিশুটির গতিরোধ করে। সে শিশুটিকে ফুসলিয়ে নির্জন একটি স্থানে নিয়ে গিয়ে হাত-পা, মুখ ও চোখ বেঁধে ধর্ষণ করে। পরে শিশুটির হাত-পা, মুখ ও চোখের বাধন খুলে ধর্ষণকারী পালিয়ে যায়। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি বলে। মা বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এলাকায় গিয়ে ওইদিন (মঙ্গলবার) রাতের দিকে স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীর আলমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

শিশুটিকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতেই শিশুটির মা জাহাঙ্গীর আলমকে আসামি করে বড়লেখা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘এই ঘটনায় আসামিকে গ্রেপ্তার ও মামলা হয়েছে। আসামি জাহাঙ্গীর আলমকে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.