Sylhet Today 24 PRINT

নগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা মেয়র আরিফের

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৮

বাংলা নববর্ষ-১৪২৫ উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতি অঙ্গনকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্ব-মহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে।

সিসিক মেয়র আরিফ শুভ নববর্ষে বিগত বছরের দুঃখ-বেদনা, ব্যর্থতা-মালিন্য পিছনে ফেলে সকলকে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানান। একই সাথে আগামী দিনগুলোতে নগরবাসীর সার্বিক উন্নয়ন ও কাঙ্কিত সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন। নগরবাসীকে নববর্ষের এই শুভক্ষণে একটি সুখী-সমৃদ্ধ আধুনিক নগর গঠনেরও অঙ্গিকার ব্যক্ত করেন সিসিক মেয়র আরিফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.