বানিয়াচং প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০১৮
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বহাল রাখার দাবিতে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলা রোডের স্মৃতিসৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তকে বানচাল করতে কতিপয় জামায়াত-শিবির ও স্বার্থান্বেষী মহল কোটা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, যা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা মেনে নিতে পারছেন না। অবিলম্বে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণাটি পুনর্বিবেচনা করার জন্য জোর দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, মুক্তিযোদ্ধা ময়না মিয়াসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে এক স্মারকলিপি প্রদান করেন তারা।