Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। এ বিষয়ে থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলামের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জহির আহমদ সেলিমের কাছে একটি বিশেষ বরাদ্দের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। বিষয়টি ওই কাউন্সিলরের সন্দেহ হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামকে অবগত করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সেলিম আমার সরকারি নাম্বার থেকে টাকা দাবির বিষয়টি বললে নম্বরটি প্রতারক চক্র ক্লোন করেছে বলে আমি নিশ্চিত হই। তাৎক্ষনিক উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করি। এ ব্যাপারে থানা প্রশাসনকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.