Sylhet Today 24 PRINT

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সিলেটে আলোকমিছিল

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৮

সিলেটে ধর্ষণ বিরোধী ৭দিন ব্যাপী টানা কর্মসূচির চতুর্থ দিন পার করেছে ‘প্রতিবাদে প্রতিরোধে আমরা’। ‘কন্যা জায়া জননী চায় ধর্ষক মুক্ত ধরণী’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারা এ কর্মসূচি পালন করছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেল ৪.৩০মিনিটে তারা সিলেট কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে মৌন অবস্থান কর্মসূচী করেন ও সন্ধ্যা ৭টায় মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলন করে সে আলোকমিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন রজত কান্তি গুপ্ত, ইন্দ্রাণী সেন সহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী।

বাপ্পী কুমার মজুমদার, বর্ণা ব্যানার্জি, ফারহীন জাহান নুবা, ইমদাদুল হক, আনোয়ারুল ইসলাম ও রীমা দাসের পরিচালনায় এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাধারণ নাগরিকরা।

উদ্যোক্তারা জানান, ইভেন্টটির মূল দাবি- ধর্ষকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড।

তারা আরও জানান, জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে তারা দাঁড়িয়েছেন এই প্রতিবাদ নিয়ে। ইভেন্টটির মূল শক্তি সাধারণ জনগণ ও শিক্ষার্থীবৃন্দ। ৭ দিনব্যাপী তাদের নানান কার্যক্রমে থাকছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতার আহ্বান।

এর আগে, গতকাল বুধবার তারা অডিটোরিয়াম মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে ক্বীনব্রিজ পর্যন্ত মৌন মিছিল করেন। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন এর মাধ্যমে শুরু হয় ধর্ষণের বিরুদ্ধে ৭ দিনব্যাপী এই প্রতিবাদ প্রতিরোধ কার্যক্রম।

এতে উপস্থিত ছিলেন সিলেটের মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, চাকুরীজীবী সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ। বিকাল ৩ টা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ এ মানববন্ধন শেষ হয় বিকাল ৫ টায়।

পঞ্চম দিনের কর্মসূচি হিসাবে আগামীকাল শুক্রবার ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে এক প্রতীকী মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি বিকাল সাড়ে ৩টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.