Sylhet Today 24 PRINT

নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত শিল্পকলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৮

"নিশি অবসান প্রায়/ ঐ পুরাতন বর্ষ হয় গত..."। আর মাত্র দুটি রাত্রি শেষ হলেই পূব আকাশে দেখা দেবে বাংলা নতুন বছরের সূর্য। তাইতো পুরাতন ও জীর্ণতাকে অতিক্রম করে এদিন নতুন ও পরিবর্তনকে আহ্বান জানিয়ে বর্ষবরণের জন্য প্রস্তুত হয়ে আছে শিল্পকলা একাডেমি সিলেট।

পুরাতন বছরের শেষ দ্বারপ্রান্তে এসে চলছে একাডেমির চারু শিক্ষার্থীদের অংশগ্রহণে আল্পনা, মুখোশ তৈরি, হাঁড়ি ও কুলাতে রংকরণ, মঞ্চ নির্মাণ ও সজ্জিত করণের কাজ। পাশাপাশি এসো হে বৈশাখ এসো এসো এই গানের মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মহড়ায় ব্যস্ত একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীরা।

নতুন বছরকে স্বাগত জানাতে ১ বৈশাখ (১৪ এপ্রিল) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করবে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।

মঙ্গল শোভাযাত্রা সকাল ৮:০০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। এরপর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দুপুর ১:৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসবের।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ঢাকের বাদ্যের মধ্য দিয়ে মাঙ্গলিক শুভ উদ্বোধন ঘটবে এই উৎসবটির। তারপর পর্যায়ক্রমে রয়েছে বৈশাখের গান, লোকসংগীত, কাঠিনৃত্য, ঝুমুর নৃত্য, লোকনৃত্য, বৃন্দ আবৃত্তি, ধামাইল, একক ও দলীয় সংগীত এবং বাউলগান।

আবহমান বাংলার এই চিরায়ত উৎসবে সবাইকে পরিবার-পরিজন নিয়ে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার সাদর আমন্ত্রণ জানিয়েছেন সিলেটের জেলা কালচারাল অফিসার অসীত বরণ দাশ গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.