Sylhet Today 24 PRINT

প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

নবীগঞ্জ প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৮

নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা বিয়ে বাড়িতে গিয়ে এই বাল্য বিবাহ বন্ধ করে দেন।

সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের বদর উদ্দিন ১৩ বছর বয়সী কন্যার সাথে একই গ্রামের আব্দুল হক মিয়ার ছেলের বিয়ের আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। এর আগেই বাল্য বিয়ের খবর পান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। তিনি তাৎক্ষনিকভাবে মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমাকে বাল্য বিয়েটি বন্ধ করার নির্দেশ দেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে বিয়ে বাড়িতে গিয়ে কনের বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে তারা মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে লিখিত অঙ্গিকার করেন এবং বিয়ের আয়োজন ভণ্ডুল করে দেন।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান বলেন, ‘নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের বদর উদ্দিন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাঠিয়ে তাৎক্ষনিকভাবে ওই বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। কনের পরিবার এ কাজ থেকে বিরত থাকার লিখিত অঙ্গিকার করেছে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.