নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০১৮
বাংলা নববর্ষের দিনে সিলেটে শতাধিক শিশু-কিশোরকে বই উপহার দিয়েছে ‘পাঠশালা’ নামের একটি সংগঠন।
শনিবার (১৪ এপ্রিল) বেলা তিনটায় নগরের কাজীটুলা উঁচাসড়ক এলাকার বেসিকবেইজ স্কুল প্রাঙ্গণে পয়লা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ব্যতিক্রমী এ আয়োজন সম্পন্ন হয়।
লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশের লেখা ও চৈতন্য প্রকাশন থেকে গত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ‘কিশোর-প্রবন্ধ’ বইয়ের শতাধিক কপি শিশু-কিশোরদের তুলে দেওয়া হয়।
এ সময় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মুহম্মদ জসিম উদদীন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও আবৃত্তিকার নাজমা পারভীন।
এ পর্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ডক্টর মোস্তাক আহমাদ দীন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির পরিচালক মুকির হোসেন চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের শিশুবিষয়ক কর্মকর্তা মো. সাইদুর রহমান ভূঞা ও লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নববর্ষের দিনটিতে শিশু-কিশোরদের বই উপহার প্রদানের মাধ্যমে নতুন একটা ব্যতিক্রমী ইতিবাচক ধারার সূচনা ঘটল। এ আয়োজনে সুমনকুমার দাশের বই নির্বাচন করায় তারা আয়োজকদের প্রশংসা করেন।
পরে শিশু-কিশোরেরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে পয়লা বৈশাখ উদযাপন করে। পাঠশালার শিল্পীরা ছাড়াও দর্পণ থিয়েটার ও বেসিকবেইজ স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।