ছাতক প্রতিনিধি | ১৫ এপ্রিল, ২০১৮
ছাতকে যৌতুক না দেয়ায় গৃহবধূ সুজিতা বেগম (৩০) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ এপ্রিল) ভোরে স্বামীসহ পরিবারের লোকজন সুজিতা বেগমকে নির্যাতন করলে গুরুতর আহতাবস্থায় তাঁকে কৈতক হাসপাতালে নেয়া হয়।
এ সময় কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টায় মারা যান সুজিতা।
সুজিতা উপজেলার সিংচাপইড় ইউপির বড় সৈদেরগাঁও গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। তাঁর মৃত্যুর পর স্বামীর বাড়ির লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় সুজিতার বড় বোন ফিরোজা বেগম বলেন, আমার বোন সুজিতাকে দীর্ঘদিন থেকে যৌতুকের জন্য তার স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। শনিবার রাতে ও রোববার সকালে তাকে নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে তাকে হত্যা করে।
ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত চলছিল।