Sylhet Today 24 PRINT

সিলেটের চা বাগানে চলছে বৈশাখী উৎসব

শাকিলা ববি |  ১৬ এপ্রিল, ২০১৮

‘নতুন বছরের ফুর্তি করি। এ বছর আছি, আগামী বছর পাব কিনা জানি না। তাই ফুর্তি করি।’ কথা গুলো বলেছেন মালনীচড়া চা বাগানের বড় লাইনের বাসিন্দা বৃদ্ধা বানী নায়েক। হাতে-গালে শুভ নববর্ষ এঁকে তিনিও আনন্দ করছেন বৈশাখী উৎসবে।

আবহমান বাংলার ঐতিহ্যের পেখম ছড়িয়ে পড়েছে চা বাগাবের এ চা শ্রমিকদের বৈশাখী উৎসব পালনের মাধ্যমে। রাজপথের মতো বাগানেও র‌্যালি আর বাদ্যযন্ত্র-হর্ষধ্বনির আওয়াজে উচ্ছ্বাস-উন্মাদনায় মেতে উঠেছে চা শ্রমিকরা। বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দকে বরণে পুরো মালনীছড়া চা বাগান এখন পরিণত হয়েছে এক উৎসবের গ্রামে। এর পাশাপাশি তারা আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।

চা শ্রমিক মাধবী বেশরা বলেন, ‘আমরা সারা বছর কাজ করি, নববর্ষে ফুর্তি করি। প্রতি বছরের মত এবার ও বছরের শুরুতেই ফুর্তি করি সারা বছর আনন্দে থাকার আশায়।’

সোমবার (১৬ এপ্রিল) বিকেলে মালনীচড়া লেবার কোয়াটারে গিয়ে দেখা যায়, নারী পুরুষ নির্বিশেষে সবাই রং দিয়ে শুভ নববর্ষ, ১৪২৫, আলপনায় তাদের গাল রাঙ্গিয়ে তুলেছেন। হাতে-গালে আলপনা এঁকে ঢোল বাঁশি বাজিয়ে গানের সুরে পুরো লেবার কোয়াটারে র‌্যালি করা হয়। র‌্যালি শেষে মঞ্চের রঙ্গিল আলোয় চলে নৃত্য, গান ও নাটক।

পরিবেশনায় ছিল তাদের নিজেদের সংস্কৃতি ধারায় বাগানী নৃত্য, গান, রম্য ও শিক্ষা মূলক নাটক।

মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের আজকের উৎসব। অনুষ্ঠানে নাচ, গানের সাথে আমরা শিক্ষা মূলক নাটক ও রেখেছি।’

তিনি বলেন, ‘আমরা শ্রমিক সব সময় কাজে থাকতে হয়। জনে জনে গিয়ে সচেতনতামূলক কথা বলার সুযোগ হয় না। পূজা-পার্বণে সবাই একত্রিত হই। তাই আমাদের সন্তানরা যেন বিপথে না যায় সেজন্য জুয়া বিরোধী একটি নাটকের পরিবেশন করা হয়েছে। আনন্দ ফুর্তির সাথে তাদের খারাপ কাজ না করার কথা বলি।’

মালনীচড়া চা বাগানের বড় লাইনে সবুজ সংঘের উদ্যোগে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বৈশাখ উদযাপন করে বাগানের সকল বয়সের নারী, পুরুষ শিশুরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, প্রধান শিক্ষক বিক্রম গোয়ালা ও সর্দার রতিলাল কালোয়ার সহ কয়েক শতাধিক চা শ্রমিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.