Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের হামলা; এক কিশোরকে পিটিয়ে আহত, অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ জুন, ২০১৫

হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালে পুলিশ লাইন এলাকায় এক ছাত্রলীগ কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে এক কিশোরকে ধরে নিয়ে গেছে পুলিশ। পরে স্থানীয় লোকজন পুলিশ লাইনের ভেতর থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৩ ঘন্টা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ লাইন এলাকায় একটি দোকানে বাংলাদেশ-ভারতের মধ্যকার খেলা দেখার সময় পুলিশ লাইনের কনস্টেবল সোহাগের সাথে ওই এলাকার গোপায়া গ্রামের আক্তার মিয়ার কথা কাটাকাটি হয়। শুক্রবার বিকেলে ওই এলাকার বাসিন্দা সরকারি বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী শরীফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান এস কে স্পোর্টস-এ বিষয়টি মিমাংসা হয়। কিন্তু তা মেনে নিতে পারেননি পুলিশ সদস্য সোহাগ ও তার সহকর্মীরা।

ইফতারের পরপরই একটি পিকআপ ভ্যানে পুলিশ লাইনের আরআই জামাল উদ্দিনের নেতৃত্বে কনেস্টেবল সোহাগসহ ৮/১০ জন পুলিশ সদস্য শরীফুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। এক পর্যায়ে তারা শরীফুলের ভাই আরিফুল ইসলাম আরিফকে (১৬) মারধোর করে টেনে-হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘন্টা ধুলিয়াখাল-মিরপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, সদর থানার ওসি নাজিম উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় এলাকার লোকজনসহ সদর থানা পুলিশ আরিফকে পুলিশ লাইনের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে আরিফকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে এলাকার লোকজন ট্রাকযোগে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের বাসায় গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। তিনি তাৎক্ষণিক পুলিশ সুপারকে মোবাইল ফোনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান জানান, এ বিষয়ে তদন্ত হচ্ছে। পুলিশ লাইন থেকে বাইরে গিয়ে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.