হবিগঞ্জ প্রতিনিধি | ২০ জুন, ২০১৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ঢেউতল গ্রামে জিলু মিয়া ওরফে ঝিমলি (২০) নামে এক হিজরার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এসময় জুয়েল ওরফে জুঁই নামে আরেক হিজরাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কামড়াকাই গ্রামের আশিক মিয়ার সন্তান জিলু মিয়া অপারেশনের মাধ্যমে হিজরা হয়ে ঝিমলি নামধারণ করে। এরপর থেকে সে হিজরাদের সাথেই চলাফেরা করতো। শুক্রবার রাত ১১টার দিকে ঝিমলি ঢাকা থেকে আসা এক যুবককে নিয়ে জুয়েল ওরফে জুঁই এর বাসায় যায়। সেখানে সে রাত্রিযাপন করে। সকালে জুঁই ডাকাডাকি করলে ঝিমলি বন্ধ কক্ষ থেকে বের হয়নি। এক পর্যায়ে পিছনের বারান্দায় গিয়ে জুঁই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝিমলি’র মৃতদেহ দেখতে পায়। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
নবীগঞ্জ থানা ওসি আব্দুল বাসেদ জানান, ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আটককৃত জুঁই জানিয়েছে ঢাকার এক যুবককে সাথে নিয়ে ঝিমলি রাত্রিযাপনের জন্য তার ওখানে গিয়েছিল। কিন্তু জুঁই সে যুবককে চিনে না। সকালে তাকে পাওয়া যায়নি।
অন্য কেউ ওই যুবককে দেখেছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঝিমলি’র বাড়িতে তার মৃত্যুর খবর পাঠানো হয়েছে।