Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন, আটক ৫

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আমির হোসেন (১৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ এক মহিলাসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত স্কুল ছাত্র শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুল হকের (বাক প্রতিবন্ধী) দ্বিতীয় পুত্র ও মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী।

আটককৃতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মনাফ বাবুলের স্ত্রী হাছনা বেগম (৫০), মৃত সাজ্জাদ আলীর পুত্র জয়নাল আবেদিন (৪০), আফতাব আলীর পুত্র ফজলে রাব্বি মুন্না (১৮), একই গ্রামের ইছরাব আলীর পুত্র রিপন আহমদ রনি (৩৫) ও মঈন আহমদ (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে বসন্তপুর গ্রামের আব্দুল হকের পুত্র আমির হোসেন স্থানীয় অমরগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.