Sylhet Today 24 PRINT

সিসিকের অভিযানে ক্বীন ব্রিজ এলাকায় নারীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০১৮

সিলেট নগরীর ক্বীন ব্রিজের নীচে সিসিকের অভিযানে এক নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) বিকেলে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আকস্মিক এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গুড়িয়ে দেয়া হয় অপরাধ কর্মকাণ্ডের বেশ কয়েকটি আস্তানা।

সিসিক সূত্র জানায়, সিটি করপোরেশনের মালিকানাধীন ক্বীন ব্রীজের নীচে, আলী আমজাদের ঘড়ি ঘরের আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভাসমান কিছু লোক চুরি, ছিনতাই, মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কোতোয়ালী থানার একদল পুলিশ নিয়ে অভিযানে নামেন। অভিযানে এক নারী সহ ৩ জনকে আটক করলেও মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ভাসমান পতিতা ও খদ্দের পালিয়ে যায়।  

আটককৃত ৩ জন হচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ গ্রামের মৃত সুজিতের মেয়ে টুনি বেগম (২৩), মৌলভীবাজার জেলার মিরপুর এলাকার গনি মিয়ার ছেলে লিটন মিয়া (১৯) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মোহনপুর গ্রামের মো. শাহনুর মিয়ার ছেলে সিয়াম আহমদ (২০)।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালী থানার অপসো অফিসার এসআই ফয়েজ আহমদ ফায়েজ জানান, আটক এক নারী ও দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এ সময় ব্রিজের নীচ থেকে অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ওষুধ, জুয়া ও মাদক সামগ্রী উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.