Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যা মামলা : আরিফ অসুস্থ, ৬ জুলাই শুনানীর তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুন, ২০১৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার শুনানীর তারিখ ৬ জুলাই নির্ধারণ করেছে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যাল। আজ মামলাটি আমলে নিয়ে শুনানীর তারিখ নির্ধারণ করেন দ্রুত বিচার ট্রাইবুনােলর বিচারক মনির আহমদ পাটোয়ারি।

এদিকে অসুস্থার কারনে আজ আদালতে হাজির করা হয়নি এই মামলার কারান্তরীন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে। সাবেক স্বররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও আজ আদালতে হাজির করা হয়নি। তাদের অনুপস্থিতিতেই মামলার শুনানীর তারিখ নির্ধারিত হয়। তবে মামলার ২২ জন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও হবিগঞ্জ পৌরসভার মাবেক মেয়র জি কে গৌছ সহঅন্য ২০ জন আসামীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সিলেট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ জানান, আজ সকাল ১০টার দিকে মামলাটি আমালে নিয়ে শুনানীর তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে গত ২ জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন ।

বর্তমানে এই মামলার চার্জশিটভুক্ত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছসহ ৩২ আসামির ১৪ জন কারান্তরীণ। জামিনে রয়েছেন ৮ জন। বাকিরা পলাতক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.