Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভুয়া গ্রেফতারি পরোয়ানায় কারাভোগ করলেন ওষুধ ব্যবসায়ী

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ জুন, ২০১৫

ভূয়া গ্রেফতারী পরোয়ানায় ১৪ দিন কারাভোগ করলেন হবিগঞ্জের মাধবপুর বাজারের তপন সরকার নামে এক ওষুধ ব্যবসায়ী। তিনি উপজেলার দুর্গাপুর গ্রামের হরেন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও তপনের পরিবার জানায়, ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল আদালত থেকে মামলা নং ২০৭৯/১৪ এর বিপরীতে তপন সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আসে হবিগঞ্জ জেলা জজ আদালতে। আদালত পরোয়ানা তামিলের জন্য মাধবপুর থানায় পাঠায়।

এ প্রেক্ষিতে গত ৪ জুন রাতে মাধবপুর বাজারের ওষুধের দোকান থেকে তপনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পরে ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল ও যুগ্ম মহানগর দায়রা জজ ৬ষ্ঠ আদালতে উপস্থাপন করা হলে জানা যায়, তপন সরকারের নামে কোন গ্রেফতারী পরোয়ানা তারা পাঠাননি। বিষয়টি ভূয়া। পরে বিচারক তপনকে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন। আদালতের নির্দেশে ১৮ জুন তপন কারাগার থেকে মুক্তি পান।

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানান, আদালতের সীলমোহর ও স্বাক্ষরে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছিল। আমরা পরোয়ানা তামিল করেছি মাত্র। সেটি ভূয়া কি না তা আমাদের জানার কথা নয়। আদালতে হাজির করার পর আমরা বিষয়টি জানতে পেরেছি। একটি চক্র তপন সরকারকে হয়রানি করার জন্য এমনটি করে থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.