Sylhet Today 24 PRINT

শুভ বুদ্ধ পূর্ণিমা রোববার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৮

রোববার (২৯ এপ্রিল) বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ পূর্ণিমা উৎসব প্রতিবছরের ন্যায় এবারো সাড়ম্বরে উদযাপন করবে।

মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং পরিনির্বাণ- এ তিনটি ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

সিলেট নগরীর আখালিয়ার ব্রাক্ষণশাসনস্থ বৌদ্ধ বিহারে প্রতিবছরের মত এবারও দিনব্যাপী কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এ উপলক্ষে শনিবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট বৌদ্ধ সমিতি নগরীতে শান্তি শোভাযাত্রা বের করে। নগরীর কিনব্রিজ সংলগ্ন আলী আমজাদ এর ঘড়ি ঘরের নীচ থেকে শুরু হওয়া শান্তি শোভা যাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞাণ চাকমাসহ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার (২৯ এপ্রিল) সকালে সিলেট বৌদ্ধ বিহারে আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল সাড়ে সাতটায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ৯টায় বুদ্ধপূজা উৎসর্গ, সংঘাদান, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্মদেশনা। সাড়ে ১১ টায় ভিক্ষ সংঘের পিণ্ডদান। সাড়ে ১২ টায় মধ্যাহ্ন ভোজ।

দ্বিতীয় পর্বে দুপুর ২ টায় আয়োজিত আলোচনা সভা এবং সন্ধ্যা ৭ টায় প্রদীপ প্রজ্বলন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.