হবিগঞ্জ প্রতিনিধি | ২৮ এপ্রিল, ২০১৮
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে পুলিশ-অটোরিকশা শ্রমিক সংঘর্ষের ঘটনায় পুলিশ আহত হওয়ার প্রেক্ষিতে ৭’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে। আজ শনিবার (২৮ এপ্রিল) তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ২৭ এপ্রিল শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জের নছরতপুরে সিএনজি চালিত সিএনজি অটোরিকশা শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ১৪ জন পুলিশ আহত হন। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে এসল্ট মামলা দায়ের করেন। ৮৮ জনের নাম উল্লেখ ছাড়াও এ মামলায় অজ্ঞাত ৬’শ থেকে ৭’শ জনকে আসামী রাখা হয়েছে। মামলাটি তদন্ত করছেন ওসি (তদন্ত) মানিকুল ইসলাম। পুলিশ বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ শহর থেকে অলিপুর ও সুতাংয়ে যেতে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করতে হয়। মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করতে নিষেধাজ্ঞা থাকায় পুলিশের কড়াকড়ির প্রতিবাদে গত শুক্রবার শায়েস্তাগঞ্জের অটোরিকশা সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুর, দেউন্দি রাস্তার মোড় ও সিএনজি গ্যাস পাম্পের কাছে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে নছরতপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।