সিলেটটুডে ডেস্ক | ২৮ এপ্রিল, ২০১৮
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে একটি মেছো বাঘ ধরা পড়েছে।
শুক্রবার (২৭ এপ্রিল) রাতে সৈয়দপুর গ্রামের কৃষক কালা মিয়া’র ফাঁদে বাঘটি ধরা পড়ে।
জানা যায়, টলা ও শেয়াল হাত থেকে গৃহপালিত হাঁস ও মুরগী রক্ষার জন্য দীর্ঘদিন যাবত কালা মিয়া বাড়ির ঘরের পিছনে একটি লোহার খাঁচার মাধ্যমে ফাঁদ দিয়ে টলা ও শেয়াল ধরে আসছিল। এর ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে বাড়ির ঘরের পিছনে ফাঁদটি পেতে রাখেন। ঘটনাচক্রে উক্ত ফাঁদে মুরগী খেতে এসে মেছো বাঘটি আটকে পড়ে।
শনিবার সকালে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন বাঘটি দেখতে কালা মিয়া’র বাড়ীতে ভিড় করেন। পরে সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস ও বন বিভাগকে বাঘটির খবর জানানো হলে, শনিবার দুপুরে বন বিভাগের লোক এসে মেছো বাঘটি নিয়ে যায়।
এলাকার মুরব্বি মো. আব্দুল হামিদ জানান, দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির গৃহপালিত হাঁস ও মুরগী ধরে নিয়ে যাচ্ছিল টলা ও শেয়াল। এসব প্রাণীকে ধরার জন্য রাতে কালা মিয়া এলাকার সহযোগিতায় একটি ফাঁদ পাতেন। শনিবার ভোরে সেই ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়ে। খবর পেয়ে আশেপাশের গ্রামের উৎসুক হাজার হাজার মানুষ বাঘটি এক নজর দেখতে বাড়িতে ভিড় জমান।