Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ব্যবসায়ী খুনের ঘটনায় মামলা দায়ের

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেটের বিয়ানীবাজারে ব্যবসায়ী শহিব উদ্দিন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৯ এপ্রিল) সকালে নিহতের ছেলে আজহারুল ইসলাম আবিদ বাদী হয়ে আটক জাকির হোসেনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িসহ অনেক আলামত জব্দ করা হয়েছে। জাকির ছাড়াও হত্যায় আরও ৪ থেকে ৫ জন জড়িত ছিল। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক জাকির হোসেন পুলিশী জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জাকির সিলেটের আখালিঘাট এলাকার সামসুদ্দিনের ছেলে।

তিনি বলেন, হত্যার ঘটনায় জাকিরের স্ত্রী রিপা বেগম, শ্বাশুড়ি সুলতানা ও বাবা সামসুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি জাকিরের বাড়ি সিলেট নগরের আখালিয়াঘাট থেকে জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন আদম পাচারের সঙ্গে সম্পৃক্ত। আমেরিকা নেওয়ার নামে ব্যবসায়ী শহিব উদ্দিনের কাছ থেকে পর্যায়ক্রমে দেড় কোটি টাকা আত্মসাৎ করে। কিন্তু নির্দিষ্ট সময়ে আমেরিকায় পাঠাতে না পারায় টাকা ফেরত চান শহিব উদ্দিন। আমেরিকায় বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে, প্রসেসিং চলছে- এ রকম বিভিন্ন মিথ্যা কথা বলে বুঝ দিতে থাকেন।

টাকা ফেরত দেওয়ার নাম করে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শহিব উদ্দিনকে খবর দিয়ে সিলেটে নেয় খুনিরা। এরপর শুক্রবার (২৭ এপ্রিল) সকালে বিয়ানীবাজার-সিলেট সড়কে উপজেলার গাছতলা এলাকা থেকে শহিব উদ্দিনের (৬০) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.