মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে | ২৯ এপ্রিল, ২০১৮
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তার ইট সলিং ও কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। রাস্তার কাজে নিম্নমানের মালামাল দিয়ে দায়সারা ভাবে কাজ করার অভিযোগে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া টুকেরবাজার সংলগ্ন টুকেরপাড় মুখ সড়ক থেকে পুরুষত্তমপুর নদীর পাড় পর্যন্ত নবীগঞ্জ এলজিইডির ৪শত মিটার দীর্ঘ রাস্তার ইট সলিং ও কার্পেটিং এর বরাদ্ধ দেয়া হয়। এরই প্রেক্ষিতে গত বছরের ১৭ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য এম.এ. মুনিম চৌধুরী বাবু এ কাজের উদ্বোধন করেন। ৩৭লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের দায়িত্ব পান ঠিকাদার আওয়ামী লীগ নেতা রবীন্দ্র পাল রবি।
স্থানীয় বাসিন্দারা জানান, কাজ পাওয়ার পর ঠিকাদার নিম্নমানের ইট, বালি দিয়ে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই রাস্তার মাঠি ভরাট করা হয়েছে এবং নিম্নমানের কংক্রিট ও বালুর পরিমাণ বেশী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে। মাটি ভরাটেও অনিয়ম হয়েছে বলে জানান এলাকাবাসী। বিষয়টি নজরে এলে স্থানীয়রা আজ বিক্ষোব্দ হয়ে শনিবার (২৮ এপ্রিল) দুপুরে রাস্তার কাজ বন্ধ করে দেন।
কাজ বন্ধের বিষয়টির শুনে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে ছুটে যান। এসময় স্থানীয়দের কাছ থেকে অভিযোগের বিস্তারিত শুনে উপজেলা চেয়ারম্যান এলাকাবাসীকে শান্তনা দিয়ে বলেন, নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করা হবে। কোন মতেই দুর্নীতি করা হবে না।
এ ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মুফিজুর রহমান হতাশার সুরে বলেন, কাজ শুরুর দিকেই ঠিকাদার নিম্মমানের মালামাল দিয়ে কাজ করছে, অবশেষে নিরুপায় হয়ে এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে ঠিকাদার রবীন্দ্র পাল রবির সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কত টাকার কাজ পেয়েছি কাগজ না দেখে বলতে পারব না। নিম্নমানের কাজের অভিযোগ, অনিয়ম, দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, কাজের গুনগত মান যাচাই-বাছাই করবে ইঞ্জিনিয়ার। কিন্তু কাজের সাইডে ইঞ্জিনিয়ার দীর্ঘদিন যাবত যাননি।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রকৗশলী সৈয়দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা নিয়মিত ওই কাজের তদারকি করছেন এবং গত তিনদিন পূর্বেও কাজটি পরিদর্শন করে আসছেন। কাজ বন্ধের ব্যাপারে তিনি জানেনা বলেও জানান।