গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৯ এপ্রিল, ২০১৮
গোলাপগঞ্জে আফজল হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর লামাপাড়ায় এ ঘটনাটি ঘটে।
আত্মহননকারী যুবক শরীফগঞ্জ ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের সমর আলীর পুত্র বলে জানা যায়। তিনি দীর্ঘ দিন হাজীপুরের লামাপাড়ায় বসবাস করে আসছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, শনিবার (২৮ এপ্রিল) রাতের খাবার শেষে আফজল তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে (রোববার) ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার রহস্য উদঘাটন হয়নি।