Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৪ মাদক ‘পাচারকারী’ গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি  |  ৩০ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত ৪ জন মাদক পাচারকারী দলের সদস্য।

সোমবার সকালে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাশিমনগর সমজদিপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ১শ ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়ার ফরিদ মিয়া (৩২) ও তার স্ত্রী আশা বেগম (২৫), একই উপজেলার কমলপুর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী অনুফা বেগম (৩৮) ও একই গ্রামের আম্বর আলীর স্ত্রী শান্তি বেগম (৪০)।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম. রাজু আহমেদ সোমবার দুপুরে মাধবপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরার নির্দেশে হবিগঞ্জকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ পরিদর্শক তদন্ত কাওছার আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.