বানিয়াচং প্রতিনিধি | ৩০ এপ্রিল, ২০১৮
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে শামসুল হক (৪০) নামের এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
শামসুল হক উপজেলার জাতুকর্ণপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, শামসুল সকালে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দক্ষিণ তেলকুমার হাওরে ধান কাটছিলেন। এসময় বজ্রপাত হলে তার ছাতা ও মাথায় আগুন ধরে যায়। এ অবস্থায় স্থানীয়রা শামসুলকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।