মৌলভীবাজার প্রতিনিধি | ৩০ এপ্রিল, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো তমিজ উদ্দিন (৩৫) এক প্রবাসীর। এসময় একই বজ্রপাতে নিহতের পাশে থাকা ৩টি গরুও মারা যায়। নিহত প্রবাসী উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে।
সোমবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, তমিজ উদ্দিন একজন ওমান প্রবাসী। দেশে ছুটিতে এসেছেন কিছুদিন হল। সোমবার দুপুরে তিনি বাড়ির পাশে মাঠে গরু চরাতে নিয়ে যান। এসময় মাঝারি বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা ৩টি গরুও বজ্রপাতে মারা যায়।
আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।