Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রুহুল আমিন হৃদয় (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) দুপুর ১২ টায় শহরের বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত হৃদয় শহরের হাসননগর এলাকার শাহ জামালের ছেলে। সে সুনামগঞ্জ সরকারী কলেজের বিএ ২য় বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার রুহুল আমীন হৃদয় দুপুর ১২ টায় মোটরসাইকেল চালিয়ে শহরের মল্লিকপুরের দিকে যাচ্ছিল। বিজিবি ক্যাম্পের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই পড়ে যায় সে। সড়কে পড়ে থাকতে দেখে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ আশংকাজনক অবস্থায় তাঁর গাড়িতে করে তাকে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ জানান, ভারী বর্ষণের মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় ছেলেটি দুর্ঘটনার শিকার হয়ে সড়কে পড়েছিল। ছেলেটি মাথায় প্রচণ্ড আঘাত পায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাবার সময়ই তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনার শিকার আহত রুহুল আমীনের মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন,‘ মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.