Sylhet Today 24 PRINT

নয়াসড়কে ছিনতাইয়ের শিকার নারী চিকিৎসক (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০১৮

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা নয়াসড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন ডা. তাহমিনা মালিক শিমু।

রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটের দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

তাহমিনা মালিক জানান, ৬টার দিকে তিনি লামাবাজারস্ত বাসা থেকে রিক্সায় করে তার মেয়েকে নিয়ে ব্যক্তিগত কাজে নয়াসড়কে আসেন। কাজ শেষ করে ৬টা ২৩ মিনিটের দিকে আবার বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে আগে থেকেই ওঁত পেতে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি আরো জানান, ব্যাগে প্রায় ১৭ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, চাবি, ডেবিট ও ক্রেডিট কার্ড সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল। যার মধ্যে থেকে চাবি, ব্যাংক কার্ড ও জাতীয় পরিচয় পত্র নগরীর হাওয়াপাড়া এলাকায় পাওয়ায় যায়। রাত্রের দিকে রাস্তার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে একজন পথচারী জাতীয় পরিচয়পত্রের ঠিকানা দেখে তা পৌঁছে দিয়েছেন।

এই ঘটনায় জালালাবাদ থানায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেই সাথে নয়া-সড়কের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহমিনা মালিক নয়াসড়ক এলাকায় রিক্সা থেকে নামার পরেই একটি লাল রঙের মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাকে অনুসরণ করে এসেছে। ৬টা ১১ মিনিটের দিকে তারা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আশে পাশে ঘোরাফেরা করে। এবং ৬টা ২৩মিনিটের দিকে যখন তাহমিনা মালিক কাজ শেষ করে মূল সড়কে আসছিলেন ঠিক তখনই ২জন ছিনতাইকারীর মধ্যে একজন তার ব্যাগটি ছিনিয়ে দেয় অপরজন মোটরসাইকেল নিয়ে তৈরি ছিল পালানোর জন্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এতো দ্রুতই ঘটে গেছে যে কোন কিছু বুঝার আগেই ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে নগরীর হাওয়াপাড়া এলাকার ভেতরের দিকে চলে গেছে।  তাদের ধাওয়া করেও ধরতে পারা যায়নি বলেও জানান তারা।

ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত হচ্ছে এবং ছিনতাইকারীদের ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.