Sylhet Today 24 PRINT

সকলকে নিয়েই সুনামগঞ্জ পৌরবাসীর উন্নয়ন করতে চাই: নাদের বখত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র নাদের বখত দায়িত্বভার গ্রহণকালে বলেছেন, ‘পৌরবাসীর সকলের দোয়া ও ভালবাসায় আমি ২৯ মার্চ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছি। আপনারা আমার পাশে না থাকলে হয়ত আমার একার পক্ষে আমার ভাই মরহুম আয়ুব বখত জগলুলের অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ পেতাম না। তাই সবাইকে সাথে নিয়েই পৌরসভার সকল উন্নয়নমূলক কাজ করতে চাই।’

তিনি আরো বলেন, ‘আপনাদের যে কোন সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন, আমার কাছে আসবেন, আমি একজন সাধারণ মানুষ হয়ে পৌরবাসীর সুখে, দুঃখে পাশে থাকতে চাই। মেয়র মনে করে কেউ আমাকে দূরে সরিয়ে দিবেন না, কারণ আপনারাই আমাকে মেয়র নির্বাচিত করেছেন। চেয়ারে বসার জন্য নয় পৌরবাসীর সকলের সেবার জন্য এসেছি। ’

সোমবার (৩০ এপ্রিল) বিকালে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করার আগে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেনের পরিচালনায় উপস্থিত সুধিজনদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
 
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, আবাবিল নূর, ফয়জুর নূর, শামছুজ্জামান স্বপন, গোলাম সাবেরীন সাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর শৈলী চৌহান ময়না, জাহানারা বেগম প্রমুখ।

পরে নাদের বখতের কাছে পৌরসভার দায়িত্বভার হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমদ রাসেল।

এর আগে পৌরসভা কার্যালয়ে মেয়রের রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেয়র নাদের বখতের বাবা মরহুম হুসেন বখত, তার মা মরহুম নূরজাহান বখত, বড় ভাই সাবেক পৌর চেয়ারম্যান মরহুম মনোয়ার বখত নেক ও সদ্য প্রয়াত বড় ভাই পৌর মেয়র মরহুম আয়ূব বখত জগলুল স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দরগাপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাও. নূরুল ইসলাম খান।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মাও. আতাউর রহমান লস্কর, মাও. আনোয়ার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলামসহ আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কমিশনার নাজমান আরা খানম সিলেটে নিজ কার্যালয়ের মিলনায়তনে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।

সিলেট স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমানের পরিচালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ সভার পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, চঞ্চল কুমার লোহ, আবাবিল নুর, শামছুজ্জামান স্বপন, গোলাম সাবেরিন সাবু। শপথ গ্রহণের আগে মেয়র নাদের বখত সিলেটে হযরত শাহজালাল রহ: মাজার ও সকালে সুনামগঞ্জে মা,বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করেন।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল। এরপর গত ২৯ মার্চ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.