Sylhet Today 24 PRINT

ছাতকে হাওররক্ষা বাঁধ কাটার আশংকায় থানায় জিডি

ছাতক প্রতিনিধি |  ০১ মে, ২০১৮

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মিত ছাতকের বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধ কেটে ফসলহানির ঘটনায় আইনি ব্যবস্থা নিতে ছাতক থানায় সাধারণ ডায়েরি (নং-১৩০৯ তাং ৩০/০৪/১৮) করা হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ছাতক অফিসের কর্মকর্তা প্রকৌশলী সাহাদত হোসেন সাধারণ ডায়েরী (জিডি) করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে মাছ শিকারিরা এ ধরনের একটি বাঁধ কেটে দিয়েছে। ফলে বোরো ফসলের মারাত্মক ক্ষতি সাধন হয়।

ছাতকের হাওরগুলোতে দুর্বৃত্ত কর্তৃক এ ধরনের ক্ষয়ক্ষতি ঘটতে পারে আশংকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সাধারণ ডায়েরি বা জিডিটি করেছেন যাতে বোরো ফসলের ক্ষতি সাধন রোধ করা সম্ভব হয়। এতে ভয়ে দুষ্কৃতিকারীরা এ দু:সাহস থেকে অনেকটাই দুরে থাকবে বলে মনে করছে পাউবো।

উল্লেখ্য, যে গত বছর (২০১৭) অন্যান্য স্থানের মতে ছাতকেও আগাম বন্যায় হাওরে ব্যাপক ফসলহানী ঘটে। এতে বিপাকে পড়েন উপজেলার কৃষকরা। ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে ১৮ সহস্রাধিক পরিবারকে প্রতি মাসে সরকার ৩০ কেজি চাল ও নগদ ৫০০ করে টাকা দেয় এক বছর পর্যন্ত। সতর্কতা হিসেবে হাওররক্ষায় আগাম প্রস্তুতি নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৯টি পিআইসি কমিটির মাধ্যমে নির্মাণ করা হয়েছে হাওররক্ষা বাঁধ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.