Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ মে, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) গ্র্যান্ড সেলিম রিসোর্টের সহযোগিতায় সাংবাদিক বিকুল চক্রবর্তী সংগৃহীত মুক্তিযুদ্ধের স্মারক ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন।

এ সময় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার কুমুদ রঞ্জন দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ, মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতীক, ডা. হরিপদ রায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, গ্র্যান্ড সেলিম রিসোর্টের চেয়ারম্যান সেলিম আহমদ, ফিনলে টির ডিজিএম জিএম শিবলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জের দেওড়াছড়া বধ্যভূমি সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলকে সম্মাননা দেয়া হয়।

এর আগে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে প্রায় ২৫টি ছবি ও শহীদদের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিস্মারক রয়েছে।

প্রদর্শনীটি সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আগামী ১০ দিন সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান প্রদর্শনীর আয়োজক বিকুল চক্রবর্তী।

তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে মূলত এই প্রদর্শনীর আয়োজন করে থাকি। মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিবিজড়িত স্থান নবপ্রজন্মের কাছে অজ্ঞাত রয়েছে যা সংরক্ষণ করা এবং জনগণের সমানে উন্মোচন করা খুবই জরুরী।

তিনি এ প্রজন্মের তরুণদের নিয়ে তথ্যচিত্র সংগ্রহ করে তা প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মকে জানানোর কাজ করছেন। তিনি জানান, দেশে বিদেশে এ পর্যন্ত অর্ধশতাধিক প্রদর্শনীর আয়োজন করেছেন যা ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ পরিদর্শন করেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কর্নেল জাহিদ বলেন, বীরদের শ্রদ্ধা না জানালে বীরের জন্ম হবে না। সাংবাদিক বিকুল চক্রবর্তী এ প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর পাশাপাশি আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের শ্রদ্ধা জানানোরও সুযোগ করে দিয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলার প্রাক্তন মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব জানান, বিকুল চক্রবর্তী যে কাজ করছেন তাতে আমাদের সকলের উচিৎ বিকুল চক্রবর্তীকে সাহায্য করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.