নিজস্ব প্রতিবেদক | ০১ মে, ২০১৮
মে দিবসের দিন খোলা রাখায় জের ধরে সিলেটে একটি খাবার রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ মে) সকাল পৌনে ১০টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার নাহার শপিং কমপ্লেক্সের বেইজমেন্টের পাহাড়িকা রেস্টুরেন্টে এ হামলার ঘটনাটি ঘটে বলে জানা যায়।
জানা যায়, বিক্ষুব্ধ শ্রমিকদের অতর্কিত হামলায় রেস্টুরেন্টের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে।
রেস্টুরেন্টের মালিক খায়রুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, ৩০ থেকে ৩৫ জন শ্রমিক হঠাৎ করে রেস্টুরেন্টে ঢুকেই হামলা চালায়। রেস্টুরেন্টের ৫টি টেবিল, কাপ প্লেইটসহ প্রায় সকল আসবাবপত্রে ভাংচুর চালায় শ্রমিকরা।
মে দিবসে রেস্টুরেন্টের শ্রমিকদের ছুটি দিয়ে আমরা নিজেদের ব্যবস্থাপনায় আশেপাশের বেসরকারি হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের জন্য রেস্টুরেন্টটি খোলা রাখার পরও এই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।