Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ধানের বস্তাচাপায় শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ মে, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে ধানের বস্তার নিচে চাপা পড়ে সাঞ্জব আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দিরাই উপজেলার চন্ডিপুর কেজাউড়া গ্রামের মৃত নাগর আলী ছেলে সাঞ্জব আলী স্থানীয় এক কৃষকের বাড়িতে শ্রমিক হিসেবে নিযুক্ত ছিলেন। সাঞ্জব আলী ধান মাড়াইয়ের খলা থেকে একটি ভারি ধানের বস্তা নিয়ে ওই কৃষকের বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ করে তিনি পড়ে গেলে বস্তার নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জর সদর হাসপাতালে পাঠায়। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় মোহাম্মদ জামসেদ তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অতিরিক্ত ওজনের বস্তা বহন করায় মেরুদণ্ড ও ঘাড় ভেঙ্গে সাঞ্জাব আলী মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

নিহতের বোন জানু বেগম বলেন, এলাকার একজন ধনাঢ্য কৃষকের বাড়িতে সাঞ্জাব আলী মেয়াদি কামলা (মজুর) হিসেবে কাজ করতো। খলা থেকে ধানের বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে হোচট খেয়ে পড়ে গেলে ধানের ভারি বস্তাটি তার ওপর পড়ে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.