Sylhet Today 24 PRINT

বানিয়াচং ও নবীগঞ্জে বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ মে, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ মে) দুপুরের দিকে তাদের মৃত্যু হয়। এতে আহত হন আরও দুই কৃষক।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মকা গ্রামের ছাইম উল্লার ছেলে আজিম উদ্দিন (৪০), একই উপজেলার বল্লভপুর গ্রামের তাহির মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০) ও নবীগঞ্জ উপজেলার রুকনপুরের আব্দুল জব্বার (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার মকার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে বড়ইউড়ি ইউনিয়নের রোকন দিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শাহিন মিয়ার মৃত্যু হয়।

কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী জানান, বুধবার সকালে আবহাওয়া ভালো থাকায় কৃষকরা হাওরে ধান কাটতে যান। পরে বেলা ১১টার দিকে আকস্মিক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বুধবার দুপুরে বজ্রপাতে দুইজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন।

অপরদিকে জেলার নবীগঞ্জ উপজেলার রুকনপুরে বজ্রপাতে আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.