Sylhet Today 24 PRINT

পুলিশের সাঁড়াশি অভিযানে মাধবপুর মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০১৮

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সাড়াশি অভিযানে মাধবপুর থেকে নবীগঞ্জ মহাসড়ক পর্যন্ত থ্রি-হুইলার ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ করা হয়েছে। সম্প্রতি শায়েস্তগঞ্জে শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় হাইওয়ে পুলিশ এমন কঠোর অবস্থানে রয়েছে।

বছর দুয়েক আগে মহাসড়কে ঈদের আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনায় উচ্চ আদালত মহাসড়কে থ্রি-হুইলার ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন। এরপর থেকে সিএনজি পরিবহন ব্যবসায় বিনিয়োগকারী এবং পরিবহন শ্রমিকরা হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

শায়েস্তাগঞ্জ এলাকায় এক প্রভাবশালী জনপ্রতিনিধির মদদে সম্প্রতি সাধারণ শ্রমিকরা পুলিশের উপর হামলা চালালে পুলিশ-শ্রমিক সংঘর্ষে পুলিশ সহ ২০০ শ্রমিক আহত হয়।

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ শ্রমিকের বিরুদ্ধে পুলিশ এসল্টের মামলা দায়ের করেন। এ মামলায় থানা পুলিশ আসামিদের ধরতে বিভিন্ন গ্রামে সাড়াশি অভিযান পরিচালনা করছেন। পুলিশের অভিযানে আশপাশের কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, উচ্চ আদালতের নির্দেশে মহাসড়কে যাতে সিএনজি সহ অন্যান্য ফিটনেসবিহীন থ্রি-হুইলার চলাচল করতে না পারে সে জন্য হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.