Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ওসমানীনগর প্রতিনিধি |  ০৩ মে, ২০১৮

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম পংকি (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত পংকি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউপির চান্দারপাড়া গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে নিহত পংকি মোটরসাইকেল যোগে উপজেলার দয়ামীর ইউপির চিন্তামণি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাজপুরে ফেরার পথে রাত সোয়া ১১টার দিকে মহাসড়কের কুরুয়া নামক স্থানে একটি বাস তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান।

ঘটনার পর পর বিক্ষুব্ধ এলাকাবাসী সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কুরুয়া এলাকার বাসিন্দা সাংবাদিক আবু হানিফা জানান, বুধবার রাত সোয়া ১১টার দিকে কুরুয়া হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মহাসড়কের মধ্যখানে মাথা তেতলানো একজনের লাশ পরে আছে। তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে লাশের স্বজনের সাথে যোগাযোগ করে লাশের পরিচয় সনাক্ত করা হয়।

ওসমানীনগর থানার এসআই পীযুষ কান্তি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অজ্ঞাতনামা বাস নিহত পংকিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পর মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.