Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৪ মে, ২০১৮

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের নিকট টাকা দাবি করেছে অজ্ঞাত দুষ্কৃতিকারী। বৃহস্পতিবার (৩ মে) দুপুরে মোবাইল নাম্বার ক্লোনের ঘটনা ঘটে।

বিষয়টি ইউএনও কাজী আরিফুর রহমান জানার পর আইনি ব্যবস্থা নেবার জন্য বিয়ানীবাজার থানাকে বিষয়টি অবহিত করেছেন।

ইউএনও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিয়ানীবাজারবাসীকে তার ক্লোন হওয়া নম্বর থেকে টাকা পয়সা চাইলে না দিতে অনুরোধ জানিয়ে সতর্ক করেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের সরকারি (০১৭৩০৩৩১০৩১) মোবাইল নম্বর ক্লোনিং করে উপজেলার মহিলা ভাই চেয়ারম্যান রোকসানা বেগম লিমাকে ফোন করে ইউএনও পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়।

মহিলা ভাই চেয়ারম্যান রোকসানা বেগম বিষয়টি বুঝতে পেরে ফোনকারীকে বিভিন্ন প্রশ্ন করলে ফোনের লাইন কেটে দেয়। এছাড়াও বিয়ানীবাজার উপজেলা অফিসের আরো কয়েকজন কর্মকর্তা কর্মচারীর কাছে চাঁদা দাবি করা হয় এই নাম্বার থেকে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান মোবাইল নম্বর ক্লোনের সত্যতা নিশ্চিত করে বলেন , এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে বিয়ানীবাজার থানাকে অবহিত করা হয়েছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.