Sylhet Today 24 PRINT

সিলেটের নাজমা ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০১৮

ব্রিটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সিলেটের নাজমা রহমান।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১ হাজার ৩৯০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ব্রিটেনের লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পুষ্টিবিদ নাজমা রহমান সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিণী।

নাজমা রহমান দীর্ঘদিন থেকে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তার সাথে একই এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন একই দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত শিবা তেওয়ারি ও ইরানী বংশোদ্ভূত পিটার তাহেরি। নির্বাচিত তিনজনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন নাজমা রহমান।

বিজয়ের পর নাজমা রহমানকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক এমপি।

এদিকে, নাজমা রহমান কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নাজমা রহমান দীর্ঘদিন থেকে লেবার পার্টির রাজনীতির মাধ্যমে সেখানকার বাঙালি কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছেন। কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এখন নাজমার মাধ্যমে বাঙালিরা আরও বেশি সেবা পাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.