সুনামগঞ্জ প্রতিনিধি | ০৫ মে, ২০১৮
ঘুষ ছাড়া চাকুরি প্রদানসহ যুব কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে দেশব্যাপি যুব আন্দোলন গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন।
শুক্রবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়নের ১০তম জেলা সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ এই আহ্বান জানান।
দুপুর ১২ টায় সুনামগঞ্জের পুরাতন শিল্পকলা একাডেমি চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়। এসময় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাড. এনাম আহমদের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য।
আলোচনা সভায় কেন্দ্রীয় যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ আরো বলেন, ‘সরকারি দলের ছাত্র সংগঠনকে সম্মেলন করতে গোয়েন্দা সংস্থার প্রয়োজন হয়। প্রধানমন্ত্রীও বক্তব্যে এসব সংগঠনে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন। এতে তাদের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।’
মারুফ মান্না’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য পিনাক দেবনাথ, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, যুব নেতা সত্যজিৎ আচার্য, সিলেট জেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাস খোকন প্রমুখ।
সম্মেলনে আবু তাহেরকে সভাপতি, মাইনুদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক ও অভিজিৎ রায়কে সাংগঠনিক সম্পাদক করে জেলা যুব ইউনিয়নের কমিটি গঠন করা হয়।