Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অনুমোদনহীন ২৫টি যানবাহন আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ মে, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে বিআরটিএ এর অনুমোদনহীন ও রেজিস্ট্রেশন নাম্বার, রোড পারমিট, ইনস্যুরেন্স না থাকায় ২৫টি গাড়ি আটক করা হয়েছে।

শনিবার (৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করে এসব গাড়ি আটক করা হয়। এছাড়া এ অভিযানে নকল লাইসেন্স, ফিটনেস বিহীনসহ বিভিন্ন কারণে ২৭টি মামলা করা হয় ।

জানা যায়, সিলেট দক্ষিণ সার্কেলের এডিশনাল এসপি রাশেদুল হক চৌধুরী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী ও গোলাপগঞ্জ মডেল থানার টি.আই মো. দেলওয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার আমুড়া রাস্তার সম্মুখে , থানার পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে ও পৌর সদরের চৌমুহনীতে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে গোলাপগঞ্জ চৌমুহনীস্থ সিএনজি স্ট্যান্ডের শত শত নাম্বার বিহীন গাড়ি মুহূর্তেই উধাও হয়ে যায়।

অভিযানে বিআরটিএ’র অনুমোদনহীন সিএনজি চালিত অটোরিকশা ২২টি, ১টি মিনি কাভার্ড ভ্যান, ১টি টু-স্টোক (টেম্পো) ও ১টি পিকআপ আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর মো. দেলওয়ার হোসেন জানান, সরাসরি সিলেটের পুলিশ সুপারের নির্দেশে অবৈধ যানবাহনের উপর উপজেলায় পর্যায়ে অভিযান শুরু হয়েছে, এরই ধারাবাহিকতায় তারা অনুমোদন বিহীন গাড়িগুলো আটক করে মামলা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.