Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় শিশু ধর্ষণ, অভিযুক্ত মামাতো ভাই

কুলাউড়া প্রতিনিধি |  ০৮ মে, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি গ্রামে আপন মামাতো ভাইয়ের দ্বারা তিন বছরের কন্যা শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ মে) সকালে এ ঘটনায় কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা দিনমজুর। গত রোববার দুপুরে প্রতিবেশী শিপু মিয়া (১৮) বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ওই শিশুকে তার ঘরে ডেকে নেন। তখন শিশুটির সাথে তার ছোট ভাই থাকলেও তাকে বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন শিপু মিয়া। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির বাবা-মা দিনমজুরের কাজ শেষে বাড়ি ফিরে দেখেন তাদের মেয়ে কাঁদছে। এ সময় তার শারীরিক অবস্থা দেখে এবং শিশুটির কথা শুনে ধর্ষণের আলামত বোঝা যায়।

পরে শিশুর স্বজনেরা শিপুর অভিভাবকদের কাছে গিয়ে এ ঘটনার বিচার দাবি করেন। কিন্তু তাঁরা বিষয়টি এড়িয়ে যান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে বিষয়টি অবহিত করেন শিশুটির পরিবার। পরবর্তীতে মঙ্গলবার সকাল ১০টায় শিশুটির মা বাদী হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা সিলেটটুডে টুয়েন্টিফোরকে বলেন, অভিযুক্ত শিপু মিয়া ভিক্টিমের আপন মামাতো ভাই। বর্তমানে শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন মিয়া জানান, অভিযুক্ত শিপু ও তার পরিবার পলাতক রয়েছে। সোমবার রাত থেকেই শিপুকে আটকের জন্য এলাকায় অভিযান চালানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.