Sylhet Today 24 PRINT

অভিমান ভাঙলো ‘সখিনা’র

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ মে, ২০১৮

প্রায় ৭ ঘণ্টা খরস্রোতা মনু নদীতে সাঁতার কাটার পর অভিমানী হাতি সখিনাকে উদ্ধার করেছে মৌলভীবাজার ফায়ার সার্ভিস।

বুধবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে তাঁকে উদ্ধার করা হয়।

এর আগে বুধবার দুপর ১২টার দিকে অভিমান করে মৌলভীবাজারের সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় মনু নদীতে নেমে যায় বলে জানান হাতিটির মাহুত। প্রায় ৭ ঘণ্টা মনু নদীতে ভেসে থাকার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রনি কান্ত সিংহ বলেন, মনু নদীতে একটি হাতি ভাসছে শুনে ৭ সদস্যের একটি দল হাতিটিকে গিয়ে উদ্ধার করে।

হাতির মাহুত আব্দুল্লাহ জানান, হাতিটির নাম সখিনা। সখিনা রাগ করে পানিতে নেমেছিল। হয়তো বেশি হাঁটার কারণে বা অন্য কোনো কারণে বিরক্ত হয়ে সে রেগে যায়। তাই ইচ্ছে করেই পানি থেকে উঠছিল না।

তিনি আরো জানান, সিলেট থেকে হাতিটিকে নিয়ে মৌলভীবাজারের জুড়ি যাচ্ছিলাম। বেলা ১১টার দিকে হাতিটিকে মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় কলা গাছ খেতে দেন। হাতিটি কলা গাছ খাওয়া অবস্থায় দুপুর ১২টার দিকে হঠাৎ মনু নদীতে নেমে যায়। শত চেষ্টা করেও পাড়ে নিয়ে আসা যাচ্ছিল না। কালবৈশাখী ঝড়, বজ্রপাতের মধ্যেও সে পানি থেকে উঠতে নারাজ ছিল। মাঝে মধ্যে পাড়ের খুব কাছে আসলেও আবার নদীতে সাঁতার কাটতে নেমে যায়। কখনও বা তীর ঘেঁষে হাঁটছিল। এভাবেই নতুন ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কি.মি. দূরে মিরপুরে চলে যায়। সেখান থেকে মৌলভীবাজার ফায়ার সার্ভিস অনেক কসরত করে অভিমানী সখিনাকে পাড়ে আনতে সক্ষম হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.