Sylhet Today 24 PRINT

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে: নূমেরী জামান

নিজস্ব প্রতিবেদক |  ১০ মে, ২০১৮

সিলেট জেলা প্রশাসক নূমেরী জামান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী আমাদের অহংকার। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সমৃদ্ধ জাতি গঠনে আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সরকারের পাশাপাশি আমাদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১০ মে) বিকেলে ওসমানী জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রচনা, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর বাংলা হাতের লেখা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ওসমানী জাদুঘরের মিউজিয়ামের ব্যবস্থাপক জিয়ারত হোসেন খানের সভাপতিত্বে ও সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জর্জ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী, লেখক-গবেষক ও দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ  সিলেটের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, বাংলা মাটির সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, মানবাধিকার কর্মী শফিকুর রহমান শফিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশু, নুসরাত জাহান, মো. শহিদুল ইসলাম, মো. সোহাগ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.