কমলগঞ্জ প্রতিনিধি | ১৩ মে, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে এতিম ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (১৩ মে) বেলা সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা সদরের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন অরফান ইন একশন বাংলাদেশের উদ্যোগে ছাত্র বৃত্তির অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অরফান ইন একশন বাংলাদেশের কমলগঞ্জ শাখার সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক রাসেল হাসান বক্ত। কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ জন এতিম দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীকে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার নগদ বৃত্তি প্রদান করা হয়।
তাছাড়া আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এই ১৫ জন ছাত্রছাত্রীর মধ্যে জন প্রতি ৩ হাজার ৫০০ টাকার করে মোট ৫২ হাজার ৫০০ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, পিয়াজ, খেজুর, সেমাই, লবন, আদা ও মরিচ।